সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের এক বিশেষ দিন। এই দিনের সকাল শুরু হয় ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। তবে অনেক মুসল্লির মনে প্রশ্ন থাকে—ঈদের নামাজ মসজিদে পড়া ভালো, নাকি খোলা মাঠ বা ঈদগাহে আদায় করা উত্তম?
এ বিষয়ে রাজধানীর জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি রেজাউল করীম আবরার এক গণমাধ্যমকে জানান, ঈদের নামাজ খোলা মাঠ বা ঈদগাহে আদায় করা সুন্নত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন সবাই ঈদের নামাজ সাধারণত ঈদগাহে আদায় করতেন।
হজরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতেন। (বোখারি : ৯৬৫)। একইভাবে হজরত আলী (রা.) বলেন, দুই ঈদের নামাজ আদায়ের জন্য খোলা মাঠে যাওয়া সুন্নত। (আলমুজামুল আওসাত, তবারানি : ৪০৪০)।
তবে বিশেষ কোনো কারণ থাকলে মসজিদেও ঈদের নামাজ আদায় করা বৈধ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার ঈদের দিনে বৃষ্টি হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। (আবু দাউদ : ১১৫৩)।
উল্লেখ্য, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন এবং জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায়ের সামর্থ্য রয়েছে—এমন মুসলিম পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা আবশ্যক। (আলমুহীতুল বুরহানী : ২/৪৭৬, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, শরহুল মুনইয়া : পৃ. ৫৬৫)