সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সাদিকা জাহান
বাড়িতে কিংবা রেস্টুরেন্টে খাওয়ার সময় অনেক সময় খাবারের ঝোল বা তেল আমাদের পোশাকে পড়ে যায়। পোশাকে কোনো খাবারের দাগ পড়লে তা তোলা সহজ নয়, তবে এটি অসম্ভবও নয়। কিছু বিশেষ কৌশল অনুসরণ করলে পোশাকের দাগ সহজেই তোলা সম্ভব। শুধুমাত্র ডিটারজেন্ট ব্যবহার করেই সব সময় দাগ দূর করা যায় না। তবে কয়েকটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করলে পোশাক থেকে খাবারের দাগ সরানো সম্ভব।
প্রথমে পোশাকের দাগযুক্ত অংশে কিছুটা তরল ডিশ ওয়াশিং সাবান দিয়ে ভালো করে ঘষে নিন। এটি দাগকে আলগা করবে এবং পরে কাপড় ধোয়ার সময় দাগ অনেকটাই উঠে যাবে।
দ্বিতীয়ত, একটি সহজ মিশ্রণ তৈরি করতে হবে। এর জন্য এক টেবিল চামচ ভিনেগার এবং দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি দাগযুক্ত স্থানে ভালো করে লাগিয়ে একটি নরম ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষতে হবে। প্রায় ১০-১৫ মিনিট এভাবে রেখে দেওয়ার পর ঠাণ্ডা পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন। এতে দাগ সহজেই দূর হবে।
তৃতীয়ত, যদি দাগটি বেশি তেলের হয় তবে প্রথমে ব্লটিং পেপার বা কাগজের টিস্যু ব্যবহার করে অতিরিক্ত তেল বা মসলা তুলে ফেলুন। তেল শোষণ হয়ে গেলে স্টেন রিমুভার ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে, স্টেন রিমুভার ব্যবহারের পরে অবশ্যই ঠাণ্ডা পানি দিয়ে কাপড়টি ধুয়ে নিতে হবে। গরম পানি ব্যবহার করলে দাগ আরও পাকা হয়ে যেতে পারে।
এছাড়া বাজারে পাওয়া বিভিন্ন দাগ তোলার স্প্রে বা পাউডার ব্যবহার করেও দাগ তুলতে পারেন। তবে যেকোনো পণ্য ব্যবহারের আগে তার নির্দেশিকা ভালোভাবে পড়ে নেয়া উচিত।
পোশাকের দাগ তোলার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। দাগ বসে গেলে তা তুলতে অনেক বেশি কষ্ট হতে পারে। তাই দাগ পড়ার সঙ্গে সঙ্গে উপরের পদ্ধতিগুলি প্রয়োগ করলে পোশাক সহজেই দাগমুক্ত রাখা সম্ভব।