সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সাদিকা জাহান
লিপস্টিক হল নারীদের সাজসজ্জার অপরিহার্য একটি উপকরণ। প্রতিদিনের সাজে অনেকেই লিপস্টিক ব্যবহার করে থাকেন। তবে নিয়মিত লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। লিপস্টিকের রাসায়নিক উপাদান ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা এবং স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে।
চলুন জেনে নেই প্রতিদিন লিপস্টিক ব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে।
ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া বেশিরভাগ লিপস্টিকে থাকা মোম এবং অ্যালকোহল ঠোঁটকে শুষ্ক করে তোলে। নিয়মিত লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এর ফলে ঠোঁট ফেটে যেতে পারে এবং রুক্ষ হয়ে যেতে পারে। অনেক সময় ঠোঁটের চামড়া উঠে যাওয়ার সমস্যাও দেখা দেয়।
পিগমেন্টেশন লিপস্টিকে ব্যবহৃত কৃত্রিম রং বা ডাই ঠোঁটের ত্বকে জমে গিয়ে কালো দাগ বা পিগমেন্টেশনের সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন নিয়মিত লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের প্রাকৃতিক গোলাপি আভা হারিয়ে কালচে হয়ে যেতে পারে।
রাসায়নিক সংবেদনশীলতা লিপস্টিকের মধ্যে থাকা প্রিজারভেটিভস এবং সিন্থেটিক সুগন্ধি ঠোঁটের সংবেদনশীলতা বাড়াতে পারে। এর ফলে ঠোঁটে অ্যালার্জি, চুলকানি বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
ঠোঁটের আকার ও স্বাস্থ্য পরিবর্তন প্রতিদিন লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটের নরম ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। লিপস্টিকের ক্ষতিকর রাসায়নিক উপাদান ঠোঁটের ত্বককে দুর্বল করে তোলে।
ঠোঁটের ক্ষতি প্রতিরোধে কিছু কার্যকর উপায়:
লিপ বাম ব্যবহার করুন লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম বা লিপ প্রাইমার ব্যবহার করলে ঠোঁটের ত্বক আর্দ্র থাকবে এবং ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ এড়ানো যাবে।
মানসম্পন্ন লিপস্টিক বেছে নিন নিম্নমানের লিপস্টিক ব্যবহার না করে গুণগত মানসম্পন্ন এবং প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করা উচিত। এতে ঠোঁটের ক্ষতি কম হবে।
মেকআপ রিমুভার ব্যবহার করুন দিন শেষে লিপস্টিক তোলার জন্য ভালো মানের মেকআপ রিমুভার ব্যবহার করা জরুরি। বিকল্প হিসেবে নারিকেল তেল বা ভ্যাসলিনও ব্যবহার করা যেতে পারে।
ঠোঁট এক্সফোলিয়েট করুন সপ্তাহে অন্তত একদিন ঠোঁট এক্সফোলিয়েট করা জরুরি। চিনির স্ক্রাব বা নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নেওয়া যেতে পারে। এতে ঠোঁটের মৃত কোষ দূর হয় এবং আর্দ্রতা বজায় থাকে।
প্রতিদিন লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের ক্ষতি হতে পারে, তবে সঠিক যত্ন ও সাবধানতা অবলম্বন করলে ঠোঁটকে সুস্থ এবং সুন্দর রাখা সম্ভব।