রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
“গলায় জমে থাকা সেই কালচে দাগ আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে?”
অনলাইন ডেস্ক
গলায় জমে থাকা সেই কালচে দাগ আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে যখন মুখ চকচক করছে কিন্তু ঘাড়ে দেখা যাচ্ছে কালো ছোপ—তখনই বোঝা যায়, সৌন্দর্য মানে শুধু মুখের যত্ন নয়, ঘাড়েরও আলাদা যত্ন দরকার। অথচ আমরা বেশিরভাগ মানুষই ঘাড়ের যত্নকে গুরুত্ব দিই না। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এ অবহেলা থেকে তৈরি হচ্ছে গলার চামড়ায় স্থায়ী দাগ।
গলা কেন পড়ে কালো?
গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসিফ-উজ-জামান জানালেন, গলার ত্বক কালো হওয়ার কারণগুলো বেশ জটিল। রোদে বের হলেও আমরা কেবল মুখে সানস্ক্রিন মেখে থাকি, ফলে গলার ত্বক পড়ে পড়ে পুড়ে যায়। আবার ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, যা গলায় “অ্যাকান্থোসিস নিগ্রিকান্স” নামের কালো দাগ তৈরি করে। ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা বা পারিবারিক জিনগত কারণেও গলার ত্বক কালো হতে পারে।
আরেকটা বড় কারণ হচ্ছে—ঘাড়ে জমে থাকা ঘাম, ময়লা আর মৃত কোষ। সময়ের অভাবে বা আলসেমিতে অনেকেই গলা পরিষ্কার করাকে গুরুত্ব দেন না। তাতেই জমতে থাকে কালচে স্তর।
ঘাড়ের যত্নে ঘরোয়া ম্যাজিক!
শোভন মেকওভারের কসমেটিক এক্সপার্ট শোভন সাহা জানালেন এক কার্যকর ঘরোয়া টোটকার কথা। টক দই, মধু আর ডালের বেসন মিশিয়ে তৈরি করুন একটি প্যাক। এই প্যাকটি সপ্তাহে দুই দিন গলায় লাগিয়ে ৩০ মিনিট রাখলেই দাগ হালকা হতে শুরু করবে। শুকিয়ে গেলে ভেজা তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। তবে মনে রাখবেন, এই প্যাক ব্যবহারের পর কোনোভাবেই সাবান ব্যবহার করা যাবে না।
বাজারে যেসব রেডিমেড প্যাক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হলে অবশ্যই নিশ্চিত হোন যে এতে যেন ব্লিচ না থাকে। ব্লিচ সাময়িক উজ্জ্বলতা দিলেও পরে ত্বকের ক্ষতি করে, এমনকি দাগ স্থায়ীও হতে পারে।
তাই সৌন্দর্যের যত্নে শুধু মুখ নয়, গলার প্রতিও দিন বিশেষ নজর। নিয়মিত পরিচর্যায় উজ্জ্বল হবে শুধু আপনার চেহারা নয়, বাড়বে আত্মবিশ্বাসও।