সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
আজ (১৮ নভেম্বর) রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে। সবকিছু ঠিক থাকলে ২২ নভেম্বর, যুক্তরাজ্য হয়ে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার উদ্দেশ্যে রওনা দেবেন রংপুর রাইডার্সের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে তিনি বিশ্বাস করেন, বিশেষ সুবিধার কারণে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো সম্ভব হবে রংপুর রাইডার্সের।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে পাঁচটি দেশ থেকে পাঁচটি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। যদিও মাঠে নামার আগেই ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল।
‘এটা অস্বীকার করার কিছু নেই যে, আমাদের জন্য এই মিশনটি খুবই চ্যালেঞ্জিং হবে, কাজটা বেশ কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও গায়ানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা সহজ হবে না; এটি অবশ্যই কঠিন হবে। তবে আমার লক্ষ্য, আমরা যেন ফাইনালে পৌঁছাতে পারি।’ আশরাফুল আরও বলেন, ‘আমরা জানি, আমাদের সব ম্যাচ গায়ানায় অনুষ্ঠিত হবে। সেখানে আমরা (বাংলাদেশ) ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছি। যদিও সেটা ৫০ ওভারের খেলা ছিল, তবুও বলবো, ২০০৭ সালে গায়ানায় যে উইকেটের ওপর খেলেছি, যদি উইকেটের চরিত্র এখনো অপরিবর্তিত থাকে, তবে রংপুর রাইডার্সের সম্ভাবনা খুব ভালো থাকবে।’
ফাইনালে খেলার আশা ও কারণ ব্যাখ্যা করে আশরাফুল বলেন, ‘গায়ানার পিচে (প্রোভিডেন্স স্টেডিয়াম) সাধারণত স্পিনাররা ভালো করে থাকে। স্পিনারদের জন্য পিচের চরিত্র উপযোগী। আমাদের দলে অফ স্পিনার শেখ মেহেদী, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাঁহাতি অর্থোডক্স আরাফাত সানি আছে, যারা সবাই ভালো মানের স্পিনার। তাই আমি নিশ্চিত, আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সাইফউদ্দিনও ভালো করতে পারে। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো খেলা এবং ফাইনালে পৌঁছানো।’
অধিনায়ক সোহানের অনুশীলন নিয়ে আশরাফুল সন্তুষ্ট। ‘দেশে যে চার দিন অনুশীলন হয়েছে, সেখানে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। বোলাররা এবং ব্যাটাররা দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে পেরেছে। আমি খুবই আশাবাদী। আশা করছি, কিছু ভালো হবে।’
কোচিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘কোচিং আসলে খেলোয়াড় ম্যানেজমেন্টের বিষয়। যেহেতু আমাদের দলে ৯ জন জাতীয় দলে খেলে এসেছে, তারা সবাই জানে, তাদের কী করতে হবে।’