সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ পিছিয়ে গেল, উত্তেজনা তবু টলছে না!
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যৌথ সিদ্ধান্তে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সাদা বলের সফর ২০২৫ সালের আগস্ট থেকে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে।
এই সফর স্থগিত হওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে, যা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন করে উত্তেজনার জন্ম দেবে।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই বোর্ডের মধ্যে যৌথ আলোচনা শেষে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। দুই দেশের আন্তর্জাতিক ব্যস্ততা ও ভবিষ্যৎ ক্রিকেট সূচির চাপ বিবেচনায় সিরিজটি পিছিয়ে নেওয়া হয়েছে।
বিসিবির বক্তব্য অনুযায়ী, ‘আমরা ২০২৬ সালের সেপ্টেম্বরেই ভারতীয় দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত। এই বহুল আলোচিত সিরিজের সময়সূচি ও ম্যাচের তারিখ শিগগিরই প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ফলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়, তার রেশ এসে পড়েছে কূটনৈতিক যোগাযোগেও। ভারত মনে করছে, বর্তমান পরিস্থিতিতে এমন সফর অভ্যন্তরীণভাবে নেতিবাচক বার্তা দিতে পারে।
এই বাস্তবতায় বিসিসিআই বিসিবির সঙ্গে বিকল্প সময় নিয়ে আলোচনা শুরু করে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, সফর বাতিল না করে ২০২৬ সালের আইপিএল পরবর্তী জুনে সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে বলে ধারণা দিল্লির।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দল ভারত সফর করেছিল। সফরটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং রাজনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও সম্পন্ন হয়। যদিও সে সময় ভারতের কয়েকটি উগ্র গোষ্ঠী সিরিজ বন্ধের আহ্বান জানায় এবং সোশ্যাল মিডিয়ায় #BoycottBangladeshCricket হ্যাশট্যাগে ব্যাপক প্রচার চালায়। ম্যাচ ভেন্যুগুলোতে বাংলাদেশ দলকে কালো পতাকা দেখানোর ঘটনাও ঘটে।
তবে সেই সফরে টেস্ট ম্যাচ থাকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারানোর শঙ্কায় সফর স্থগিত হয়নি। কিন্তু এবার যেহেতু শুধুই ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে, তাই ক্রিকেটীয় গুরুত্বের দিক থেকে সিরিজটি স্থগিত করায় তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছে ভারতের ক্রীড়ামহল।