শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
টুলবক্স খুলতেই চমক, বের হলো ৩৬৫ ফেনসিডিল!
অনলাইন ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি রাজশাহী বিভাগের এক বিশেষ টিম রবিবার (১১ মে) দিনভর চিরুনি অভিযান চালিয়ে অভিনব কৌশলে লুকানো ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলেন- মো. মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও মো. শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। তারা দুইজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং আপন ভাই। অভিযানে ব্যবহৃত পাওয়ার টিলারের টুলবক্স খুলে দেখা যায়, অত্যন্ত কৌশলে লুকানো ছিল ফেনসিডিলের বোতলগুলো।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ এই মাদকের চালানটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর, বাগমারা ও নওগাঁর আত্রাই হয়ে নাটোরের সিংড়ায় প্রবেশ করে। সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।