শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
জামালপুর সদরে রাস্তায় ধান ও খড় শুকানো নিষিদ্ধ: সড়ক নিরাপত্তায় প্রশাসনের কঠোর নির্দেশনা
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা প্রশাসন সড়কে ধান ও খড় শুকানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্প্রতি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে।
প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, “একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না”—এই কথাটির গুরুত্ব বুঝে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হতে হবে। রাস্তা কেবল যানবাহনের চলাচলের জন্য, কোনোভাবেই সেখানে ধান বা খড় বিছিয়ে শুকানো যাবে না।
প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক সময় দেখা যায়, রাস্তার মাঝখানে খড় বা ধান শুকানোর কারণে যানবাহন চালকদের চলাচলে সমস্যা হয় এবং এ ধরনের অসচেতন কর্মকাণ্ড প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের অব্যবস্থাপনা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং তা বৃহত্তর জনস্বার্থের জন্যও হুমকিস্বরূপ।
সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে—সড়কে ধান বা খড় শুকানোসহ যেকোনো ধরনের বাধা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে এবং আইন মেনে চলতে। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন নাগরিকদের প্রতি আহ্বান, নিরাপদ সড়কের স্বার্থে আসুন আমরা সবাই আইন মেনে চলি।