শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া এলাকায় নমুনা শস্য কর্তন কর্মসূচির উদ্বোধন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। আজ মঙ্গলবার সকালের দিকে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শস্য কর্তন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ বাছিরুল আলম।
শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা বলেন, “পাহাড়ে পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত পরিশ্রমী। তাঁদেরকে উৎসাহ দিতে এবং কৃষিকে আরও গতিশীল করতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সবসময় কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন এ সময়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম জেলার ধান চাষ উৎপাদনের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি জানান, পার্বত্য অঞ্চলের মাটির প্রকৃতি ও আবহাওয়া তেলজাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী।
উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।