শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী
নতুন কায়দায় ভয়ংকর ছক! এক মাসের প্রশিক্ষণে রিক্সাচালককে বানানো হলো ছিনতাইয়ের হাতিয়ার , রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মাসের পর মাস ধরে মাসুম নামের রিক্সাচালককে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে চক্রটি। শুধু তাই নয়, তারা একমাস ধরে ব্যবসায়ী দিলীপ কুমার প্রামাণিকের উপর নজরদারি চালায়। গ্রেপ্তারের পর রিক্সাচালক মাসুম (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সব ফাঁস করেন। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে দেওয়া জবানবন্দিতে মাসুম জানান, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের বিক্রির টাকা দিলীপের বাসায় থাকতো—এ তথ্য জেনে রবিবার সকালে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, কোন রাস্তায় রিক্সা চালাতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কীভাবে ফাঁদ পাততে হবে—এসবের জন্য মাসুমকে মহড়া দেওয়া হয়। বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ছিনতাইকারী চক্র রিক্সাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ফাঁদে পরিণত করেছিল। তদন্তে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর সব তথ্য।