শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
“দুদকের ঘরে দুর্নীতির আগুন! ঘুষের ৭ লাখ টাকার দাবিতে বরখাস্ত সুদীপ”
বগুড়া জেলা প্রতিনিধি
ঘুষ গ্রহণ ও দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবিদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
দুদকের চাকরি বিধিমালা ২০০৮-এর ৩৯(খ), ৩৯(৪), ৩৯(চ) ও ৪০(১)(খ)(৫) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়—বগুড়ায় কর্মরত থাকাকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেনের সম্পদ বিবরণী যাচাইয়ের সময় মামলা থেকে রেহাইয়ের আশ্বাস দিয়ে সুদীপ ঘুষ দাবি করেন। তিনি সরাসরি টাকা গ্রহণও করেন।
তদন্তে উঠে আসে, সুদীপ ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৫০ হাজার টাকা বগুড়া বারের আইনজীবী মো. কামাল উদ্দিনের মাধ্যমে এবং আরও ১ লাখ টাকা অ্যাডভোকেট সৈয়দ আসিফুর রহমানের মাধ্যমে সংগ্রহ করেন। মধ্যস্থতাকারী ছিলেন আলমগীর হোসেনের খালাতো বোন সুমাইয়া শিরিন।
দুদকের ফরেনসিক ল্যাব অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে ঘুষ লেনদেনের প্রমাণ পায়। দুদক জানায়, সুদীপের এমন অপকর্ম প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
ঘটনার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে অভিযোগপত্র দেওয়া হয়। ব্যক্তিগত শুনানির আবেদন গ্রহণ করা হয় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর। পরবর্তী তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত আসে।
এর আগে, ২০২৩ সালের ২০ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে ৯ এপ্রিল পুলিশ কর্মকর্তা আলমগীরের বোন রুমাইয়া শিরিন সংবাদ সম্মেলন করে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তোলেন।