শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
জ্যান্ত গাঁজা সহ জামালপুরে গ্রেফতার গাঁজা চাষী: অভিযানে উদ্ধার ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা!
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের জ্যান্ত গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম (৪৮) নামের এক গাঁজা চাষী গ্রেফতার হয়েছেন। তিনি মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া রান্দুনীগাছা এলাকার মৃত নাদের সরকারের ছেলে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় এই ঘটনার কথা নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব।
জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার নির্দেশনায় জামালপুর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসছে। দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ভুট্টা রোপণের জমিতে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও এসআই মোঃ আব্দুল আউয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে ০১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই সময় গাঁজা চাষী সাইফুল ইসলামকেও গ্রেফতার করা হয়।
জামালপুর ডিবির অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদক আমাদের দেশ এবং জাতির জন্য ভয়াবহ অভিশাপ। এর থেকে সমাজ, পরিবার ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।”
জেলা পুলিশের নির্দেশনায় এই ধরনের অভিযান চলমান থাকবে।