শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ঈদের ভিড়ের সুযোগে যাত্রীদের পকেট কাটল হানিফ পরিবহন, ম্যাজিস্ট্রেটের হাত থেকে রেহাই মেলেনি!
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি, রাজশাহী
ঈদের প্রচণ্ড ভিড় আর বাড়তি যাত্রীর চাপকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, টিকিটে ৮২০ টাকা লেখা থাকলেও ননএসি টিকিটের প্রকৃত মূল্য হওয়া উচিত ৬৯০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে ৯০০ টাকা এমনকি কখনও এক হাজার টাকারও বেশি আদায় করা হচ্ছিল। বিপাকে পড়ে যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েছেন। হানিফ পরিবহনের কাউন্টার ইনচার্জদের কাছে জানতে চাইলে তারা সরাসরি এসব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ম্যাজিস্ট্রেট।
তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আরও জানান, আগেও ভাড়ার তালিকা না টানানো ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে হানিফকে সতর্ক করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের এক কর্মকর্তা জানান, ঈদের যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র যাচাইসহ একাধিক অভিযান চলছে। এসব অভিযানে বিআরটিএ ও পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না, কাউন্টারে টাঙানো নির্ধারিত ভাড়াই নিতে হবে।