শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
“টাঙ্গাইলের এলেঙ্গা যেন অপরাধের স্বর্গরাজ্য!” — চুরি, মাদক, চাঁদাবাজিতে নাজেহাল ব্যবসায়ীরা, মাঠে নামছে সাংবাদিক-পুলিশ-স্বেচ্ছাসেবক টিম
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নারী পাচারের মতো ভয়ংকর অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব অপরাধ ঠেকাতে এবার এক ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ নিয়েছেন এলেঙ্গা প্রেস ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি শামসুল হক কলেজের রোভার স্কাউটস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তারা সম্মিলিতভাবে গঠন করছেন ‘স্বেচ্ছাসেবী নিরাপত্তা টিম’।
এই উদ্যোগের আওতায় প্রতিরাতে ৫ জন সাংবাদিক, ১০ জন পুলিশ সদস্য ও ১৫ জন নৈশ্যপ্রহরীর সমন্বয়ে একটি শক্তিশালী টহল দল কাজ করবে। এই দলটি এলেঙ্গার বিভিন্ন মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি সেই অর্থ তাদের কল্যাণে ব্যয় করছে না। এই সমিতির নেই কোনো বৈধ রেজিস্ট্রেশন বা নির্বাচন, ফলে এটি কিছু ব্যবসায়ীর নিয়ন্ত্রণে চলে গেছে একচেটিয়াভাবে।
অন্যদিকে, এলেঙ্গা পৌরসভা বিপুল পরিমাণ রাজস্ব তুলেও নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে, দিন দিন তারা হয়ে পড়ছেন চরম অনিরাপদ।
এলাকাবাসী মনে করছেন, এলেঙ্গায় একটি কার্যকর ও সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। পুলিশি টহলের পাশাপাশি সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এই দুরবস্থার অবসান ঘটাতে পারে। এলেঙ্গাকে অপরাধমুক্ত রাখতে সাহসী এই উদ্যোগই হয়ে উঠতে পারে নতুন দৃষ্টান্ত।