শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
“ঈদের আনন্দে ভয়ংকর পরিণতি! প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ”
বোয়ালমারী, প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আঃ রহমান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার সহযোগী রাতুল (১৯) এখনো পলাতক রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন (৩১ মার্চ) কৌশলে একই গ্রামের ১৮ বছর বয়সী তরুণীকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে গুনবহা শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে নিয়ে যায় অভিযুক্ত আঃ রহমান। সেখানে নৃশংসভাবে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। অতিরিক্ত শারীরিক নির্যাতনের ফলে সে অজ্ঞান হয়ে গেলে পাশের একটি বাড়িতে নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করা হয়। তবে অবস্থার উন্নতি না হলে তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে পৌঁছে জ্ঞান ফিরতেই মেয়েটি আতঙ্কে সবকিছু জানিয়ে দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। ঘটনার পর মঙ্গলবার (১ এপ্রিল) রাতে এলাংখালী এলাকা থেকে অভিযুক্ত আঃ রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী রাতুল এখনো পলাতক, তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বোয়ালমারী থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।