রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে তাহাজ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তি গলায় রশি বেঁধে নিজ কক্ষে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়াজের মোড় গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত তাহাজ উদ্দিন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের মতে, প্রায় ৬ মাস আগে তাহাজ উদ্দিন ও তার স্ত্রীর মধ্যে তীব্র কলহ হয়। সেই রাগে স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং আর ফিরে আসেননি। স্ত্রীর অনুপস্থিতিতে একাকীত্বে ভুগতে থাকেন তাহাজ উদ্দিন। পরিবার ও সমাজের কাছ থেকে দূরে সরে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজের কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তাহাজ উদ্দিনের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনরা বলছেন, স্ত্রীর চলে যাওয়ার পর থেকেই সে ভেঙে পড়েছিল। যদি মানসিকভাবে কাউকে পাশে পেত, তবে হয়তো এমন করুণ পরিণতি হতো না।