রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
গোলাম কিবরিয়া, রাজশাহী
পবিত্র রমজান মাসের ইবাদত, সেহরি ও ইফতারের সময় ঘিরে রাজশাহীবাসী পড়েছেন নতুন এক দুর্ভোগে—মশার অত্যাচার। দিনের আলোতেই মশার দাপট, আর রাত নামতেই যেন মশার রাজত্ব! কয়েল, স্প্রে, ইলেকট্রিক ব্যাট, এমনকি মশারিতেও কাজ হচ্ছে না। হাসপাতাল থেকে মাদ্রাসা, বিপণিবিতান থেকে অফিস—সব জায়গায় মশার অবাধ দাপট।
নগরীর বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় মশক নিধন কার্যক্রম অচল হয়ে পড়েছে। অপরদিকে, সিটি করপোরেশন বলছে, এখন মশার প্রজনন মৌসুম। পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, “শহরে তুলনামূলক কম মশা, অন্য শহরে দাঁড়ানোরও জায়গা নেই!” তবে স্বীকার করেন, লার্ভিসাইড ও ফগার ওষুধের মজুত শেষ পর্যায়ে, নতুন ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।
নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বহুতল ভবনের উপরের তলাগুলোতেও মশার উৎপাত সমানভাবে বিস্তৃত। হাসপাতালের রোগী, বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। শিক্ষার্থীদেরও পড়াশোনায় বিঘ্ন ঘটছে। সন্ধ্যার পর পুরো নগরী যেন মশার কবলে চলে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, সেটি নির্ভর করছে নতুন ওষুধ সরবরাহের ওপর। তবে ততদিন পর্যন্ত নগরবাসীকে মশার কামড় সহ্য করেই রমজান পার করতে হবে!