রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিরা হলেন শ্রী বিমল চন্দ্র দাস (৪০) ও মোঃ শফিকুল ইসলাম (৩০)। শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবির ওসি মো. নাজমুস সাকিব।
তিনি জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৭টায় ডিবির এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে জামালপুর জেলার মেলান্দহ পৌর শহরের পশ্চিম আদিপৈত এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মরহুম জব্বার মাস্টারের ছেলে মো. মোস্তফা প্রবাসীর ভাড়াটিয়া মো. আল আমিনের (৪২) বাসার সামনে ইটের রাস্তার উপর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত বিমল চন্দ্র দাসের বাড়ি সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে এবং শফিকুল ইসলামের বাড়ি মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা গ্রামে। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।