রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে নামিবিয়া, আর ২০২২ সালের পর ফের আন্তর্জাতিক আসরে ফিরছে জিম্বাবুয়ে।
তানজানিয়াকে ৬৩ রানে বিধ্বস্ত করে নামিবিয়া নিশ্চিত করেছে আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ঝলমল করেছেন জেজে স্মিট—ব্যাট হাতে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মাত্র ১৬ রান খরচায়।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় তানজানিয়া। তবে ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। কিন্তু স্মিটের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের শক্ত স্কোর গড়ে তারা। জবাবে তানজানিয়া লড়াই করতে পারেনি; ৮ উইকেটে গুটিয়ে যায় ১১১ রানে।
অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে হারারেতে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে। টসে জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে তোলে ১২২ রান। রাকেপ প্যাটেল ৪৭ বলে ৬৫ রান করে দলের হাল ধরেন। তবে ১২৩ রানের লক্ষ্য জিম্বাবুয়ে সহজেই তাড়া করে ফেলে। ওপেনার ব্রায়ান বেনেট ২৫ বলে ঝোড়ো ৫১ রান করে দলকে এগিয়ে নেন, আর মাত্র ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।