বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ভারত এলে টাকা, না এলে বিসিবির ঘরে ঝামেলা!
অনলাইন ডেস্ক
আগস্টে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের জেরে সেই সম্ভাবনা এখন প্রায় অনিশ্চিত। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, ভারতীয় সরকার আপাতত বাংলাদেশ সফরে জাতীয় দল পাঠাতে অনিচ্ছুক। এ অবস্থায় সিরিজটি স্থগিত হলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিসিআই থেকেও সফর বাতিলের বিষয়টি এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। তবে গণমাধ্যম জানিয়েছে, দিল্লির উচ্চপর্যায়ের সরকারি সূত্রগুলোর মতে, বাংলাদেশ সফরের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি বিসিসিআইয়ের। অবশ্য তাৎক্ষণিক সিরিজ না হলেও ভবিষ্যতে নতুন সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্রিকেট-বিষয়ক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবি যে এখন সফর স্থগিত ধরে নিচ্ছে, তা বোঝা যাচ্ছে মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে দেওয়ার মধ্য দিয়ে। ৭ জুলাই ছিল টেকনিক্যাল বিড এবং ১০ জুলাই নির্ধারিত ছিল ফাইন্যান্সিয়াল বিড। ভারত সিরিজ নিয়ে বিসিবির ছিল বিশাল প্রত্যাশা—কারণ ভারত সফরের মাধ্যমে যেকোনো বোর্ডের আয় কয়েকগুণ বেড়ে যায়। এখন হয়তো তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেলেও ভবিষ্যতে পুনঃনির্ধারিত সময়সূচিতে সিরিজটি আয়োজিত হতে পারে।