রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছেন? স্ক্রাবিং করতে গিয়ে আরও ক্ষতি করছেন না তো?
অনলাইন ডেস্ক
রূপচর্চায় স্ক্রাব: সতেজ ত্বকের রহস্য, কিন্তু সাবধান
ত্বক যেন সবসময় উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে, সেটা আমরা সবাই চাই। আর এই চাহিদার সেরা উত্তর হিসেবে অনেকে বেছে নেন স্ক্রাবিং। তবে জানেন কি, একটু অসতর্কতাই এই উপকারী অভ্যাসকে পরিণত করতে পারে আপনার ত্বকের ‘শত্রু’তে? বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম না মেনে স্ক্রাব ব্যবহার করলে ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ, শুষ্ক আর সংবেদনশীল।
ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে ১–২ বার স্ক্রাব করলেই যথেষ্ট। কেউ কেউ ত্বকের অতিরিক্ত যত্ন নিতে গিয়ে সপ্তাহে ৩ বারও স্ক্রাব করেন—যা সাময়িকভাবে সমস্যা না করলেও নিয়মিত করলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তার বেশি করলেই বিপদ! কারণ অতিরিক্ত স্ক্রাবিংয়ে ত্বকের প্রাকৃতিক তেল হারিয়ে গিয়ে তা হয়ে পড়ে শুষ্ক ও নিস্তেজ।
স্ক্রাব ত্বকের মৃতকোষ দূর করে, রক্তসঞ্চালন বাড়ায় এবং ত্বককে সতেজ ও পরিষ্কার রাখে। এতে পিগমেন্টেশন হালকা হয় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। তবে অতিরিক্ত ঘষাঘষিতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে—বিশেষ করে নাক, ঠোঁটের চারপাশ, গাল ও কপাল অংশে। এসব জায়গা তুলনামূলক বেশি সেনসিটিভ।
যাঁদের স্কিন টাইপ সেনসিটিভ, তাঁদের জন্য স্ক্রাবিং হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। অতিরিক্ত স্ক্রাবে ত্বকে দেখা দিতে পারে র্যাশ, চুলকানি, অ্যালার্জি বা এমনকি জ্বালাভাব। এমন অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো স্ক্রাব ব্যবহার একেবারেই ঠিক নয়।
ব্রণপ্রবণ ত্বকে ঘন ঘন স্ক্রাব করলে ব্রণের অবস্থা আরও খারাপ হতে পারে। কারণ স্ক্রাব ব্রণের মাথা খুলে দিতে পারে, যা থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়ে। তাই যদি ত্বকে অতিরিক্ত ব্রণ থাকে, তাহলে স্ক্রাবের ব্যবহার বন্ধ করুন কিংবা ঘরোয়া প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করুন। ওটস, মধু, চিনি বা চালের গুঁড়ো দিয়ে তৈরি স্ক্রাব ত্বকে তুলনামূলক কম ক্ষতিকর।
বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া যায়। তবে চোখধাঁধানো ব্র্যান্ডিং নয়, নজর দিন উপাদানের দিকে। সালিসাইলিক অ্যাসিড, নিয়াসিনামাইড বা ভিটামিন সি যুক্ত স্ক্রাব সাধারণত ত্বকে ভালো কাজ করে। কিন্তু যাঁদের ত্বক অতিসংবেদনশীল, তাঁদের উচিত হারশ কেমিক্যাল এড়িয়ে চলা।
অনেকেই মনে করেন, স্ক্রাব যত জোরে ঘষা যাবে, তত পরিষ্কার হবে ত্বক। এটা একেবারে ভুল ধারণা! বরং হালকা হাতে, গোল আকারে স্ক্রাব করলে ত্বকের মৃতকোষ সহজেই দূর হয় এবং ত্বকের ক্ষতিও হয় না। মুখের পাশাপাশি ঘাড়, কনুই ও হাঁটুর দিকেও স্ক্রাব ব্যবহার করুন, কারণ এসব জায়গায়ও জমে থাকে মৃত কোষ।
স্ক্রাব ত্বকের জন্য দারুণ উপকারী, তবে সেটা তখনই, যখন সঠিকভাবে ব্যবহার করা হয়। অতিরিক্ত ব্যবহার, ভুল উপাদান বা ত্বকের ধরন না বুঝে স্ক্রাবিং করলে ক্ষতি হতে পারে মারাত্মক। তাই নিজের ত্বককে ভালোবাসুন, যত্ন নিন বুঝেশুনে—সৌন্দর্য আসবেই।