বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সেনাবাহিনী ভারতপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়ী!
অনলাইন ডেস্ক
পাকিস্তানে সেনাবাহিনী ও ভারত-ঘেঁষা সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জঙ্গি নিহত হয়েছে। পৃথক অভিযানে এসব জঙ্গিরা নিহত হয়।
সোমবার (১৯ মে) দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদন এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে চালানো একাধিক অভিযানেই ভারতীয় ইন্ধনে পরিচালিত ১২ জন চরমপন্থীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। প্রাণ হারিয়েছেন দুই সেনাসদস্যও।
আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার এসব অভিযান চালানো হয়। টার্গেট ছিল নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, লাক্কি মারওয়াত জেলায় জঙ্গিদের আস্তানায় গোপন অভিযানে একযোগে হামলা চালায় বাহিনী। এতে ‘ভারতপুষ্ট’ পাঁচ জঙ্গি মারা যায়। বান্নু জেলায় আরেক অভিযানে নিহত হয় আরও দুই ভারতঘেঁষা সন্ত্রাসী। অন্যদিকে, মির আলী এলাকায় একটি সেনা কনভয় লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালালে পাল্টা আক্রমণে নিহত হয় দুই চরমপন্থী। এই সময় গুলিবর্ষণে প্রাণ হারান সিপাহী ফরহাদ আলী তুরি (২৯, কুররাম) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২, কোহাত)।
আইএসপিআর আরও জানায়, জঙ্গি নিধনে অভিযান এখনো চলছে এবং অবশিষ্টদের নিশ্চিহ্ন করাই এখন প্রধান লক্ষ্য। তারা বলেছে, পাকিস্তান ভারতীয় ছায়াসংগঠন দ্বারা পরিচালিত সন্ত্রাসবাদ রুখতে অটল, এবং সেনাদের আত্মত্যাগ জাতির সংকল্পকে আরও দৃঢ় করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সন্ত্রাসের মূল উৎখাত না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বাহিনীর পেশাদারিত্ব ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করে বলেন, বেলুচিস্তানে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার জন্য ভারতের চক্রান্ত উন্মোচিত হয়েছে।