বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
যুদ্ধের হুমকিতে আজারবাইজানকে পাশে পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তান!
অনলাইন ডেস্ক
আরেক মুসলিম দেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাশে থাকার জন্য তিনি আজারবাইজানকে ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যম জিও নিউজ এক বিশেষ প্রতিবেদনে জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার এক বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও সে দেশের জনগণের প্রতি অটল সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে পাকিস্তান সফররত আজারবাইজানের রাষ্ট্রদূত খাজার ফারহাদভকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই সমর্থন দুই মুসলিম দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জ্বলন্ত প্রমাণ। পাশাপাশি তিনি বলেন, প্রেসিডেন্ট আলিয়েভের গত বছরের জুলাইয়ের পাকিস্তান সফর ছিল একটি যুগান্তকারী ঘটনা, যা অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলে দিয়েছে।
বাকু সফরের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও আজারবাইজানের সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, বরং তা পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ নিতে যাচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক সংহতি আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গত বছর বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তান আজারবাইজানের বিমান বাহিনীর কাছে জেএফ-১৭ ব্লক থ্রি যুদ্ধবিমান সরবরাহে একটি চুক্তি করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ঠিক কী সংখ্যক বিমান ও কী দামে তা বিক্রি হচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য না দিলেও, এই চুক্তি প্রতিরক্ষা খাতে অভূতপূর্ব অগ্রগতির ইঙ্গিত দেয়।
জেএফ-১৭ যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের শীতলতায় ইসলামাবাদ বেইজিংয়ের দিকে আরও ঝুঁকে পড়ে, যার ফলে চীনের সহায়তায় তৈরি হয় এ বিমান।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, আজারবাইজানের সামরিক শক্তি বৃদ্ধিতে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে রাষ্ট্রীয় সফরে পাকিস্তান এসে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা আরও জোরদারে সম্মত হন।