বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পাকিস্তানের নতুন পদক্ষেপ: ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ, উত্তেজনা বাড়ছে!
অনলাইন ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, এবং এরই মধ্যে ইসলামাবাদ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান গতকাল (রোববার) থেকে তাদের স্থল, সমুদ্র এবং আকাশপথে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি, তৃতীয় কোনো দেশ যদি পাকিস্তানের মাধ্যমে ভারতে পণ্য রপ্তানি করতে চায়, সে পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায়, এই পদক্ষেপটি জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের স্বার্থে নেওয়া হয়েছে। তবে, যারা আগেই ঋণপত্র (এলসি) ইস্যু করেছেন, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
নতুন নিষেধাজ্ঞার আওতায়-
পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ ,
তৃতীয় দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন নিষিদ্ধ,
ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না,
পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে ঢুকতে পারবে না।
পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘পোর্টস অ্যান্ড শিপিং উইং’ জানিয়েছে, সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কোনো ব্যতিক্রমী আবেদন থাকলে, সেগুলো আলাদাভাবে পর্যালোচনা করা হবে।
এদিকে, এই পদক্ষেপে ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাকিস্তানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিতেও এক নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল বিভিন্ন দেশের জন্য।