সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দেশটির পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র রাষ্ট্র। তারা মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করে একাধিক বিবৃতি ও বার্তা দিয়েছে। এবার সেই সব দেশের প্রতি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।
রোববার (০৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণের পর লাতিন আমেরিকার একাধিক দেশের পক্ষ থেকে প্রকাশিত সংহতিকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। বিশেষভাবে সাবেক মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোরের সংহতি প্রকাশের বার্তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে কারাকাসের পক্ষ থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল বলেন, ওব্রাদোরের প্রতি বলিভারিয়ান সরকার ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করছে। তিনি আরও বলেন, এই সমর্থন লাতিন আমেরিকার দেশগুলোর ঐতিহাসিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপবাদবিরোধী অভিন্ন অবস্থানকে তুলে ধরে।
ওই বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বিশ্বব্যাপী স্বৈরতান্ত্রিক আধিপত্য’ প্রতিষ্ঠার অভিযোগ তোলা হয় এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় যেসব কণ্ঠ সোচ্চার হয়েছে, তাদের প্রশংসা করা হয়।
এর আগে মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের এই অভিযানের কঠোর নিন্দা জানায়। এক বিবৃতিতে মেক্সিকো এটিকে ‘ভেনেজুয়েলার জনগণের সার্বভৌম অধিকারের ওপর দুঃসাহসী হামলা এবং তাদের প্রেসিডেন্টকে অপহরণ’ হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে বলা হয়, এই ঘটনা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।
ভেনেজুয়েলার প্রতি সংহতি ও সমর্থন জানানো অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া এবং কিউবা।