বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
বন্ধুর সঙ্গে রওনা, ফিরলেন কফিনে – সড়কে তালহার ট্র্যাজেডি
অনলাইন ডেস্ক
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র, আহত হয়েছেন তার আরও দুই বন্ধু। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বার্থী বাজারের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র তালহা পশ্চিম বার্থী গ্রামের আজাদ বেপারীর ছেলে ও সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন গণমাধ্যমকে জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বার্থী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়। আহত হন তার সঙ্গী হিমেল গোমস্তা ও শাহীন মাল, দুজনেই একই গ্রামের বাসিন্দা।
আহত হিমেল নুর আলম গোমস্তার ছেলে ও শাহীন সোহেল মালের পুত্র বলে জানা গেছে। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান। তিনি আরও বলেন, দুর্ঘটনা নিয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।