বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
পাটক্ষেতে নারীর লাশ, রহস্যে ঘেরা মৃত্যু!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সকালে স্থানীয়রা পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার পরনে ছিল শাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।