শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
কবুতরের খাঁচায় মেছো বাঘ, শুরু গ্রামে তোলপাড়!
অনলাইন ডেস্ক
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় গ্রামবাসীর তৎপরতায় ফসলি জমি থেকে একটি মেছো বাঘ আটক হয়েছে। সোমবার জগতপুর গ্রামের অটোরিকশাচালক নুরুন্নবী গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, “বাড়ির পাশে জমির আইলে ঘাস কাটছিলাম। হঠাৎ দেখি কয়েকজন ধাওয়া করছে। পরে মেছো বাঘটি ধরে ফেলি। একটা কবুতরের খাঁচা খালি ছিল, সেটাতেই আটকে ফেলি।” বর্তমানে প্রাণীটি তার ভাই অলি উল্যার হেফাজতে রয়েছে।
অলি উল্যা বলেন, “শখের বসে কবুতর আর নানা পাখি পালন করি। গ্রামবাসী মেছো বাঘটি আমার জিম্মায় দিয়েছে। নিয়ম করে খাবার দিচ্ছি। যদি কোনো সরকারি সংস্থা এসে না নেয়, আর আইনে সমস্যা না থাকে, তাহলে বাঘটিকে নিজের কাছে রাখতে চাই।”
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, “জগতপুরে একটি মেছো বাঘ খাঁচায় বন্দি অবস্থায় আছে, এমন খবরে বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে বাঘটিকে উদ্ধার করে সুস্থ করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে।”