শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সৈকতের আনন্দ মুহূর্তেই পরিণত হলো মৃত্যু!
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমাংশে এই ঘটনা ঘটে, যা পর্যটক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
রাজেশ কুমার পাল রাজশাহীর পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শরৎ কুমার পালের পুত্র।
গণমাধ্যমকে জানা যায়, রাজেশ পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে গোসলে নেমেছিলেন। কিন্তু হঠাৎই প্রবল স্রোতের কবলে পড়ে পানির নিচে তলিয়ে যান তিনি। তার বোন জামাই কমল কুমার পাল সাহায্যের জন্য চিৎকার করলে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং রাজেশকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া গণমাধ্যমকে বলেন, সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে দ্রুত উদ্ধার করে পর্যটককে তুলাতলী হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পালের লাশ হস্তান্তর করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।