শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জে মেলার আনন্দের জোয়ার!
অনলাইন ডেস্ক
আগামী ১০ মে শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এই বর্ণিল আয়োজনের পেছনে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সরাসরি তত্ত্বাবধান।
বুধবার দুপুরে চেম্বার ভবনে এক জমকালো সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর নতুন উদ্দীপনায় চেম্বারের উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় থাকবে শতাধিক আকর্ষণীয় স্টল, ১৬টি মনোমুগ্ধকর প্যাভেলিয়ন এবং দর্শনার্থীদের আনন্দের জন্য ২০টি ভিন্নধর্মী রাইড।
মেলা একেবারেই জুয়াবিহীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো উপকরণ মুক্ত থাকবে বলে আশ্বাস দেন তিনি। এ মেলা জেলাবাসীর বিনোদনের নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা করছেন আয়োজকরা।
মেলায় প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা টিকিট মূল্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পরিচালক মো. আব্দুল আওয়াল, মনোয়ার হোসেন ডালিম, শুকুর আলী প্রমুখ। খবর গণমাধ্যম।