শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
র্যাব ক্যাম্পে রহস্যময় মৃত্যু
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের বহদ্দারহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চান্দগাঁও ক্যাম্পে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। নিজ কার্যালয় থেকে পলাশ সাহা নামের এক কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহত পলাশ সাহা (৩৭) র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, পলাশ সাহার মরদেহ তার অফিসের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তার পরিবারের উদ্দেশে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাশ সাহার মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী দ্রুত হাসপাতালে ছুটে আসেন।