শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সেতু থেকে ঝাঁপ! কে ছিল সে?
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা নদী) সেতুতে রোববার (০৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে যায় এক রহস্যময় ঘটনা। ২৫-৩০ বছর বয়সী এক যুবক হঠাৎ করেই সেতুর উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়ে যান মহানন্দার গভীর স্রোতে।
ফায়ার সার্ভিস, পুলিশ কিংবা স্থানীয় কেউই এখনও নিশ্চিত করতে পারেনি তার পরিচয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবকটি আচমকাই সেতুর রেলিং পেরিয়ে নদীতে লাফ দেন, যেন পরিকল্পিত ছিল তার পদক্ষেপ! সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় বাসিন্দা ও জেলেরা, কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরও পানিতে মিলল না কোনো চিহ্ন।
খবর পেয়ে দ্রুত ছুটে আসে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম, তবে ডুবুরি না থাকায় ঘটনাস্থল ঘুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তারা ফিরে যায়। স্টেশন অফিসার হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, চাঁপাইনবাবগঞ্জে ডুবুরি না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং সেখান থেকে দল এলেই শুরু হবে উদ্ধার অভিযান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং নিখোঁজ যুবকের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। রহস্যময় এই ঘটনায় এখন কৌতূহলের কেন্দ্রে যুবকটির উদ্দেশ্য ও পরিচয়।