শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
“শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ: প্রধান শিক্ষককে ঘিরে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে উত্তাল ময়না এসি বোস ইনস্টিটিউশন!”
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকেই তারা মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না এবং প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। বিশেষ করে, স্কুল প্রাঙ্গণের মূল্যবান গাছ ও পুরাতন ভবন বিক্রি করে কোনো হিসাব না দেওয়ার পাশাপাশি, পুরাতন ভবন বিক্রির কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা খোলা মাঠে বসে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।
এছাড়া, গত কয়েক বছরে স্কুলে কোনো উন্নয়ন হয়নি এবং প্রতিদিন মাত্র দুটি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের পরামর্শ উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্কুলের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সকাল থেকে শিক্ষার্থীরা বোয়ালমারী-মহম্মদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন, যার ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন। এর পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল, তবে সেই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার শিক্ষার্থীদের প্রতিবাদে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।