শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
এক মুহূর্তেই বদলে গেল এক মায়ের স্বপ্নভরা কোলে রাখা সন্তানের ভাগ্য, চোখের সামনে খালের পানিতে হারিয়ে গেল তার সেহলিজ!
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হলো মানুষজন। মায়ের কোলে থাকা মাত্র ছয় মাস বয়সী শিশুসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে যায় পাশের খালে। মা ও সঙ্গে থাকা আরেক নারী কোনোভাবে উঠে এলেও, ছোট্ট সেহলিজের খোঁজ মিলছে না এখনো।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশেই ঘটে যায় ভয়ংকর এই দুর্ঘটনা।
শিশুটিকে খুঁজে পেতে রাতভর অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এমনকি সেনাবাহিনীর সদস্যরাও পৌঁছে গেছেন ঘটনাস্থলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আমিন মুন্না জানান, হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। সঙ্গে সঙ্গে মা ও শিশু পানিতে পড়ে যায়। স্থানীয়রা মাকে উদ্ধার করতে পারলেও শিশুটি পানির তীব্র স্রোতে কোথায় যেন মিলিয়ে যায়। কারণ তখন ভারী বৃষ্টিতে খালের স্রোত ছিল অস্বাভাবিকভাবে প্রবল।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির নাম সেহলিজ এবং তার মা সালমা বেগম। তারা চকবাজারে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
ঘটনাস্থলের খালটি এলাকাবাসীর কাছে “হিজড়া খাল” নামে পরিচিত। নানা সময়ে পরিত্যক্ত আবর্জনায় ভরা এই খালের পাশে কোনো সুরক্ষাবেষ্টনী ছিল না। জানা গেছে, অটোরিকশাচালক যানটি ঘোরাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং খালেই উল্টে দেন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, “জলাবদ্ধতা নিরসনের কাজ চলায় খালের পাশে থাকা নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল। আগামীকাল শনিবারের মধ্যেই নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হবে। আর শিশুটিকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”