শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিকালে নদীর ধারে এক অচেনা লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, বাবুপুর গ্রামের পাশে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।