শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি
সোমবার ৭ এপ্রিল রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডজুড়ে শুরু হয় এক অদ্ভুত দুর্ভোগ—ট্যাপ খুললেই পানি নয়, বের হচ্ছে কয়লার মতো ঘন কালো ময়লা! মহলদার পাড়া, রোডপাড়া ও তারা মসজিদ এলাকাসহ একাধিক জায়গার মানুষ হতবাক—ওয়াসার পানির এমন রূপ কখনো দেখেনি কেউ! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্রেফ কালো পানিতে ভেসে গেছে পুরো ওয়ার্ড। এলাকার লোকজন জানায়, ট্যাপ থেকে ঘণ্টার পর ঘণ্টা কয়লার মতো কালো পানি পড়েছে, অথচ ওয়াসা কর্তৃপক্ষ ছিলেন নিরব দর্শক। তারা মসজিদের পাশে একটি কলের চারপাশে থই থই করছে ময়লার স্তুপ। মুসল্লিরা জানান, যোহরের সময় যেমন দেখেছি, মাগরিবেও একই কাহিনী!
রোডপাড়ার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ আর চা বিক্রেতা জীবন বলেন, এমন পানি এর আগে কখনো দেখিনি। গোসলের সময় মহলদার পাড়ার রানা, তাকিয়া ও মাইনুল বললেন, বালতিতে পানি নিতেই দেখি সেটা কালি হয়ে গেছে। কয়েক মাস আগেও এমন ঘটনা ঘটেছে, তবে এবার যেন মাত্রা ছাড়িয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানির রঙ বদলায়নি একটুও। শুধু রঙ নয়, সেই পানিতে ছিল বালির মতো কালো দানাও!
সাদা টাইলস হয়ে গেছে একেবারে কুচকুচে কালো! শুধু থালাবাসন ধোয়ার প্রশ্নই ওঠে না, সেই পানি ছুঁতে ভয় পাচ্ছেন সবাই। হোটেল ব্যবসায়ী বিপ্লব জানালেন, মসজিদ সংলগ্ন কল থেকে তিনি প্রতিদিন হোটেলের জন্য পানি আনেন। কিন্তু আজ সারাদিনই পানি ছিল ময়লায় ভরা, হোটেলেও পানি নিতে পারেননি, আর তাতেই বড় ক্ষতির মুখে পড়েছেন। দুপুরে রানা ওয়াসা অফিসে ফোনে বিষয়টি জানালে, জোন-২ এর নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, “কেনো হচ্ছে সেটা আমরা দেখছি।” ঠিকানা জেনে নিয়ে তিনি বলেন, আজ না পারলেও আগামীকাল ৮ এপ্রিল লোক পাঠানো হবে।