শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
“তারুণ্যের উন্মাদনা, খেলাধুলার ঝলক—চারঘাটে ক্রীড়া দিবসে প্রাণের স্পন্দন”
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয় রাজশাহীর চারঘাটে, যেখানে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জমজমাট আলোচনা সভা ও দিক-নির্দেশনামূলক ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, তথ্য কেন্দ্রের ফাতিমা খাতুন ও চারঘাট প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা।
মুরাদ পাশা বলেন, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে বন্ধ থাকা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা পুনরায় চালু হবে বলে প্রত্যাশা করছি। যুব সমাজ ও ছাত্ররা যেন ক্রিকেট, ফুটবলের মতো খেলায় মাঠে ফিরে আসে এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে—এমনটাই প্রত্যাশা।
চলুন, মাঠে নামি—শরীর, মন, সমাজ সবটাই ভালো থাকুক!