শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা উত্তাল
মোহাম্মদ কেফায়েত উল্লাহ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র কর্মসূচি মোতাবেক সারাদেশের মতো খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আজ দুপুরের দিকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে। সমাবেশে রাকিব মনি ইফতি, আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল মান্নান, ছাত্র শিবিরের জেলা সভাপতি মাঈনুদ্দীনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইহুদি রাষ্ট্র ইজরায়েল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছে না ইজরায়েল।
বিকাল তিনটার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ ক্বারি মাওলানা হারুনুর রশীদ আজিজী’র সভাপতিত্বে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোমতি শাহী জামে মসজিদের খতীব মুফতি মাও. শামীম হোসেন ফারুকী, গাজীনগর জামে মসজিদের খতীব মাও. আব্দুল জলিল ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফারুকী, বদরী কাফেলা (৩১৩)’ র সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবুল ও কাজীপাড়া জামে মসজিদের খতীব মুফতি মাওলানা আলমগীর হোসেন হাবিবী প্রমুখ।