শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
রহস্যে ঘেরা এক গৃহবধূর মৃত্যু! আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
ইমরান মোল্যা, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। শ্বশুরবাড়ির দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে পরে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী মাহফুজুর রহমান সজলকে (৩০) পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া বেগম (২৪) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামের বাসিন্দা মো. আরজুল মল্লিকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রিয়া ও তার স্বামী সজল বাড়িতে ছিলেন। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সজল টয়লেটে গেলে ফিরে এসে দেখতে পান, রিয়া ঘরের বারান্দায় ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়েছেন।
নিহতের মামা হাসান বলেন, “আমার ভাগনীর সঙ্গে তার স্বামীর বনিবনা ছিল না। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে কলহ লেগেই ছিল। তারা আমাদের মেয়েকে হত্যা করেছে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”