শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সকলের তরে সকলে আমরা—এগিয়ে এলে বদলে যাবে ভাগ্য!
বনি আমিন ৷ মনপুরা উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন সবার ঘরে, তখনও কিছু মানুষ থাকেন অনিশ্চয়তার মধ্যে। তবে এবার মনপুরার জেলে পরিবারের ঈদ আনন্দ ম্লান হতে দিলেন না সমাজসেবক তানভীর ইসলাম মামুন! তাঁর উদ্যোগে ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) এই মহতী উদ্যোগের আওতায় চিনি, সেমাই, দুধ, কিসমিসসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তানভীর ইসলাম মামুনের পক্ষ থেকে মো. রাজিব হায়দার, মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলালসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এছাড়া, মোবাইল ফোনে যুক্ত হয়ে সমাজসেবক তানভীর ইসলাম মামুন সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘বরিশাল প্রতিদিন ও সকালের শিরোনাম পত্রিকার একটি সংবাদে জেলে পরিবারের ঈদ নিয়ে অনিশ্চয়তার কথা জানতে পেরে আমি উদ্যোগ নেই এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর। সমাজের সকল বিত্তবান এগিয়ে এলে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না।’’
এলাকাবাসীর মতে, তানভীর ইসলাম মামুন এর আগেও শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তার মাধ্যমে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজের অন্যরাও যদি এমন উদ্যোগ নেন, তাহলে সত্যিকার পরিবর্তন সম্ভব!