শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে নাটকীয় ক্ষমতা দখল! চেয়ারের লড়াইয়ে প্রশাসনের কড়াকড়ি
তানজিলুল ইসলাম, রাজশাহী
রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে (বিএমডিএ) চেয়ারের জন্য চলল নাটকীয় ক্ষমতা দখলের লড়াই! নির্বাহী পরিচালককে (ইডি) জোর করে সরিয়ে দিয়ে নিজেই চেয়ারে বসেছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। কিন্তু এই দুঃসাহসী পদক্ষেপের পরিণতি হলো অবসর!
মঙ্গলবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান। এ ঘটনায় প্রতিবাদে মাঠে নামে চেয়ারম্যান ড. আসাদুজ্জামানের অনুগত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তারা বুধবার বিএমডিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে পুলিশ এলে তারা সরে যায়।
রবিবারের এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিএমডিএ। কর্মচারীদের একটি দল ইডি শফিকুল ইসলামকে জোর করে চেয়ার থেকে উঠিয়ে দেয় এবং জাহাঙ্গীর আলম খান সেখানে বসেন। তবে সরকারের কঠোর পদক্ষেপে তার এই দখলদারিত্ব বেশিক্ষণ টিকল না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা তরিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।