শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে তারাবির নামাজ শেষে ফেরার পথে নাহিদুল ইসলাম রাব্বি (২৫) নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি জামায়াতে ইসলামের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত রাব্বিকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে হামলাকারীরা তাকে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সহ্য করতে না পেরে প্রতিপক্ষরা এমন কাজ করেছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাব্বির পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।