শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ফিলিস্তিনে রক্ত ঝরছে, শিবগঞ্জে ফুঁসে উঠলো জনতা—ইজরায়েলের পণ্য বর্জনের ডাক!
সানাউল্লাহ্( সুমন), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানসাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় রূপ নেয়।
পথসভায় মোঃ আসাদ আলী, হাফেজ মোঃ শামিম হোসাইন, আল বুশরা সোহান, মোঃ রজব আলী ও ইসমাইল হোসেন বক্তব্য দেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাসেও ইজরায়েল ফিলিস্তিনে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তারা এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি ইজরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
এছাড়া, জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান। অন্যথায়, ভবিষ্যতে কঠোর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আমেরিকার দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন। বক্তারা স্পষ্ট বার্তা দেন—যতদিন ফিলিস্তিনে নির্যাতন চলবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। যদি জাতিসংঘ ব্যর্থ হয়, তবে বিশ্ব মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে চূড়ান্ত যুদ্ধের ডাক দেবে, ইনশাআল্লাহ!