শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বনি আমিন, মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় চাঞ্চল্যকর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত মোটরসাইকেল রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে! এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার হাজীর হাট বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মাহতাব উদ্দিন ভূঁইয়া। তার ব্যবহৃত লাল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন ৩.০ ভিএস৬ মোটরসাইকেলটি উঠোনে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন।
কিন্তু, ভোর রাতে সেহরির জন্য উঠে দেখেন—গাড়িটি উধাও! রাতের অন্ধকারে কখন, কিভাবে চোরেরা হাতিয়ে নিলো, কিছুই বুঝতে পারছেন না তিনি। চারদিকে খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো হদিস মেলেনি।
অবশেষে, শুক্রবার (১৪ মার্চ) মনপুরা থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং ১৩৪/১৪/০৩/২০২৫)। চুরি যাওয়া গাড়িটির নাম্বার মেট্রো-ল-৫১৮৫১৪।
তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান জানান, “চুরির বিষয়ে তদন্ত চলছে। লোকেশন ট্র্যাক করা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় চুরির ঘটনা বাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।