শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
বিএনপি নেতার প্রভাব, অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগ!
জামালপুর জেলা প্রতিনিধি: জাহিদ হাসান
মাদারগঞ্জের রায়েরচর বাজারে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে অসুস্থ গরু বাড়িতে জবাই করে বিক্রি করা হয়েছে। অভিযোগ রয়েছে, মাদারগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান রতনের সহযোগিতায় তার ভাই হানুর একটি অসুস্থ গাভী জবাই করে বাজারে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করেন। ১২ মার্চ, বডবাডিয়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে এরশাদ কসাইয়ের মাধ্যমে ওই গরুটি জবাই করা হয় এবং বাজারে এনে বিক্রি শুরু হয়।
এ সময় এলাকাবাসী এতে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মাংস বিক্রি বন্ধের অনুরোধ করেন। কিন্তু মিজানুর রহমান রতন তার প্রভাব খাটিয়ে স্থানীয় লোকজনকে পাঠিয়ে মাংস বিক্রি চালিয়ে যান। এলাকাবাসী আশঙ্কা করছেন, রমজান মাসে এমন দুর্গন্ধযুক্ত মাংস খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহাম্মেদ জানান, ২০১১ সালের আইনে অসুস্থ গরু জবাই করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে বিএনপি নেতা মিজানুর রহমান রতন এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন , “আমি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, পরে কথা বলব।” বলেই ফোন কেটে দেন।
এ ঘটনার ফলে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।