শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর পর আসামিদের বাড়িতে স্থানীয়দের প্রতিবাদে তীব্র আন্দোলন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় প্রথমে ভাঙচুর চালানো হয় এবং তারপর আগুন দেয়া হয় আসামিদের বাড়িতে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটির জানাজার নামাজ শেষে একরাশ ক্ষোভ নিয়ে লোকজন আসামিদের বাড়ি লক্ষ্য করে ভাঙচুর ও আগুন দেয়।
এর আগে, সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। তারপর শহরের নোমানী ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পরপরই স্থানীয়রা আছড়ে পড়ে আসামিদের বাড়ির উপর।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, মরদেহ আসার পর স্থানীয়রা সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এই পরিস্থিতি সামলাতে পুলিশকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
এদিকে, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বেলা একটায় শিশুটির মৃত্যু হয়। সিএমএইচ কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে শিশুটি তিনবার কার্ডিয়াক অ্যারেস্টে পড়লেও, শেষবার তার হৃদস্পন্দন ফিরে আসেনি।