শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
রমজানে তরমুজের আগুন দাম: ইফতারের প্রশান্তি এখন বিলাসিতা!
রমজানে সারাদিন রোজার পর ইফতারে এক টুকরো তরমুজ যেন মরুভূমিতে এক ফোঁটা পানির মতো। কিন্তু সেই প্রশান্তির স্বাদ কি আর সবার ভাগ্যে জুটছে? বাজারজুড়ে লাল টুকটুকে তরমুজের ছড়াছড়ি, চোখে পড়লেই জিভে জল আসে—কিন্তু দাম শুনলেই মাথায় আগুন! দোকানে পিস হিসেবে বিক্রি হলেও মূলত প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৫০-৫৫ টাকা। অর্থাৎ, একেকটা তরমুজের ওজন অনুযায়ী পকেট কাটা যাচ্ছে চুপিসারে!
ভেড়ামারার ফল আড়তের তথ্য অনুযায়ী, ক্ষেত পর্যায়ে ১০০ তরমুজের উৎপাদন খরচ আনুমানিক ১০ হাজার টাকা। কিন্তু রমজানের সিজনে সেই ১০০ তরমুজই বিক্রি হচ্ছে ১৫-১৮ হাজার টাকায়! পাইকারি পর্যায়ে তা লাফিয়ে পৌঁছেছে ২০-২২ হাজারে, আর খুচরা বাজারে গিয়ে দাঁড়িয়েছে ২৫-৩০ হাজার টাকায়! ফলে একেকটি তরমুজের দাম মধ্যবিত্তের ইফতার টেবিলে যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রশাসনের অভিযানে দাম সাময়িক কমলেও, কর্মকর্তারা বাজার ছাড়লেই সিন্ডিকেট ব্যবসায়ীরা ফের আগুন দামে বেচাকেনা শুরু করে। অথচ এবার তরমুজের ফলন ছিল চমৎকার! অনুকূল আবহাওয়ায় আগেভাগেই পেকে বাজারে চলে এলেও, রমজানকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী দাম বাড়ানোর ফন্দি আটছে। রমজানে ইফতারে এক টুকরো তরমুজ যেন এখন আর তৃষ্ণা মেটানোর ফল নয়, বরং হাতের নাগালের বাইরে চলে যাওয়া এক বিলাসিতা!