শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদী মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে রূপ নেয়। সেখান থেকে উত্তাল স্লোগানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ।
বিক্ষোভকারীদের মুখে মুখে প্রতিবাদী স্লোগান—
“তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!
একটা করে ধর্ষণ ধর, সকাল-বিকাল নাশতা কর!”
এই স্লোগানে কেঁপে ওঠে পুরো এলেঙ্গা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণকারীদের প্রশ্রয় দিচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত। বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।