শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
জাতীয় পতাকায় জুতা! কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে চরম অপমান, তীব্র নিন্দা ছাত্র ইউনিয়নের
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা! কলেজের পতাকা স্ট্যান্ড থেকে জাতীয় পতাকা নামিয়ে তাতে জুতা টানানো হয়েছে—যা জাতীয় মর্যাদার চরম লঙ্ঘন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন, দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপ্ত দেবনাথ অপূর্ব এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দক্ষিণ-পূর্ববাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যার প্রতিষ্ঠাতা রায় বাহাদুর, সেই ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছু উগ্রবাদী কুলাঙ্গার জাতীয় পতাকা নিয়ে এমন জঘন্য আচরণ করেছে। এটি স্পষ্টতই রাষ্ট্রদ্রোহিতা! আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তাহলে জেলা ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠন ও কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।”
এই ঘটনায় কলেজ প্রশাসন ও স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জনসাধারণও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়!