রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। চান্দিনা কিশোরী-কিশোর সংগঠন ও ভূমিহীন সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উত্তাল জনতার সামনে সংহতি জানান জেলা ছাত্র ইউনিয়নের নেতা দীপ্ত দেবনাথ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চান্দিনা যৌন হয়রানি-বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক তানিয়া আক্তার। বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ও ইউপি মেম্বার পরেশ সরকার, ভূমিহীন নেত্রী হনুফা বেগম, সুখিয়া বেগম। সংহতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষক নেতা সুজাত আলী, শিক্ষক সুধাংশু নন্দী এবং জেলা ছাত্রনেতা দীপ্ত দেবনাথ।
বক্তারা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাষ্ট্র! বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি অক্ষম। চারদিকে বাড়ছে ধর্ষণ, হত্যা, ডাকাতি— অথচ অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।